গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নখরিরচর এলাকায় এক কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ব্যবসায়ীকে মারধর করে প্রায় ৭০ হাজার টাকার ব্যবসায়িক মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নখরিরচর সরদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ীর নাম নাজমুল বিশ্বাস। তিনি একই এলাকার মৃত নুরুল হক বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী নাজমুল বিশ্বাস জানান, তিনি গোপালগঞ্জ মোকাম থেকে দোকানের জন্য কাপড় ও থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল কিনে ফেরার পথে নখরিরচর এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

নাজমুল বিশ্বাসের অভিযোগ অনুযায়ী, খল্লুম মল্লিকের ছেলে পলু মল্লিকের নেতৃত্বে হান্নান মল্লিকের ছেলে জয়নাল মল্লিক, পলু মল্লিকের ছেলে বিজয় মল্লিক, আসিফ সরদারের ছেলে ফয়সাল সরদার, নাসির সরদারের ছেলে ওসমান, মেহেদি, সাহেব মল্লিকের ছেলে মোত্তাকিন মল্লিক, মিন্টু মল্লিকের ছেলে মুরছালিন মল্লিকসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন হামলায় অংশ নেয়। হামলার পর তারা নাজমুলের সঙ্গে থাকা দোকানের বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস ও কাপড় লুট করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে লুটে নেওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}