রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ প্রযুক্তি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’–এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।

উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এক্সপোর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় আয়োজিত এই এক্সপো চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম

এই এক্সপোর মূল লক্ষ্য প্রযুক্তিখাতে উদ্ভাবনকে উৎসাহিত করা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকৃষ্ট করা এবং ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করা। প্রদর্শনীতে উদ্ভাবনী পণ্য, আধুনিক ডিজিটাল ডিভাইস, মোবাইল প্রযুক্তি, ই-স্পোর্টসসহ নানা প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি থাকছে বিশেষ ছাড় ও অফার।

চার দিনব্যাপী এ আয়োজনে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR), অর্থায়ন, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস, ডিপ-টেক ভ্যালু চেইন, উৎপাদন ও রপ্তানি ভিশন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন নিয়ে পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

অনলাইনে ও সরাসরি নিবন্ধনের মাধ্যমে সবার জন্য এক্সপোতে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো ভেন্যুতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনের মাধ্যমে এই এক্সপোকে দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}