শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পল্লি চিকিৎসক ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে ছুরিকাঘাত ও আগুন দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরে র‍্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন।

এর আগে শনিবার গভীর রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পূর্ব পৈলানপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), একই এলাকার সামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

র‍্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন দাসকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। তিনি হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}