গোপালগঞ্জ-০১ আসনে দাখিলকৃত ১৩টি মনোনয়নপত্রের মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, কাইয়ুম আলী খান ও ব্যারিস্টার নাজমুল আলম। অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মোঃ সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জনতার দলের মোঃ জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, এবি পার্টির প্রিন্স আল আমিন, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণেই চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা জানিয়েছেন, তারা সকলেই তফসিল অনুযায়ী সময়সীমার মধ্যেই উচ্চ আদালতে আপিল করবেন। এদিকে একসঙ্গে কাবির মিয়া ও শিমুলের মনোনয়ন বাতিল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}