আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নী জোট’ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহ্সূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী-এর সঙ্গে বৈঠক করেছেন ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে বিএসপি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রগতিশীল ইসলামী জোটের নেতাদের সঙ্গে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে বৃহত্তর সুন্নী জোটের সঙ্গে প্রগতিশীল ইসলামী জোটের একীভূত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিএসপি দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া বলেন, “এম এ আউয়াল কেন্দ্রীয় নেতাদের নিয়ে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সমমনাদের নিয়ে ‘বৃহত্তর সুন্নী জোট’ আরও শক্তিশালী করার ব্যাপক আলোচনা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জোট সম্প্রসারণের ঘোষণা দিতে পারব।”

জানা গেছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী সারা দেশের ১২ হাজার দরবারকেও এক ছাতার নিচে আনা হচ্ছে। নিবন্ধিত ও অনিবন্ধিত সমমনা আরও দল যুক্ত করে জোট সম্প্রসারণের কাজ চলমান। বৃহত্তর সুন্নী জোটে থাকা নিবন্ধিত তিনটি দল হলো: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এটি গত ৩০ আগস্ট আত্মপ্রকাশ করে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}