কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী স্লিপার বাস ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। নিহত জব্বার লালমনিরহাট সদর থানার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইস বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৩-৪১৪৭) পশ্চিম দিকে ধোরকরা এলাকায় যাওয়ার জন্য ঢাকাগামী লেন ক্রস করছিল। এ সময় দ্রুতগতিতে আসা কক্সবাজারগামী ‘একে ট্রাভেলস’ স্লিপার বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৬৮) পিকআপটিকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের উপরে বসে থাকা জব্বার ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের ১৪ যাত্রী আহত হন।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী স্লিপার বাস। ছবি : সংগৃহীত

আহতরা হলেন—শরীফ (২৮), ইমরান হোসেন (৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।

আহত যাত্রী বাবু জানান, তারা ৮ বন্ধু মিলে কক্সবাজারের কলাতলী থেকে সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে দুর্ঘটনায় তাদের তিন বন্ধু গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় রেফার করা হয়েছে।

এসআই ফারুক হোসেন আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}