ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে বিতর্কে জড়ানো চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে।

শনিবার বিকেলে হাসপাতাল প্রশাসন এই সিদ্ধান্ত নেন। বিকেল চারটার দিকে নোটিশটি দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সরকারি চাকরির বিধিমালার পরিপন্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষে টেবিল থাকার কারণ জানতে চাইলে জরুরি বিভাগের ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে তর্কে জড়ান।

ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের জুলাই মাসে তিনি আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রসঙ্গত, ধনদেব চন্দ্র বর্মণ বলেন, “ডিজির কাছ থেকে গুরুজনের মতো আচরণ আশা করেছিলাম। কিন্তু তিনি এসে ভেতরে কেন টেবিল রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন।” তিনি আরও বলেন, “আমার বন্ধুরা সবাই অধ্যাপক হয়েছেন। আমার চাকরিজীবন শেষ হয়ে গেছে, কিন্তু বিভিন্ন কারণে আমার হয়নি। তাই চাকরি থেকে সাসপেনশন হলেও আমি খুশি হব।”

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}