আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসবে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টায় ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় আইন ও প্রচলিত রীতির আলোকে তফসিল-পূর্ব ও তফসিলোত্তর কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয়সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় থাকবে।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা, ২৯ নভেম্বরের মক ভোটের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আলোচ্যসূচিতে থাকা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—

• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিদ্যমান অবস্থায় বিএমটিএফ থেকে আইডিইও (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ এবং বিএমটিএফের স্থগিত বকেয়া বিল পরিশোধসংক্রান্ত আলোচনা।
• সেপ্টেম্বর ২০১৯–জুন ২০২২ চুক্তির আওতায় ২ কোটি ৩১ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বিল পরিশোধ সম্পন্ন হয়েছে। অতিরিক্ত ১৪ লাখ কার্ডের পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফের দাবি করা বকেয়া বিল পরিশোধ নিয়ে আলোচনা।
• ক্রয় প্যাকেজ NCS-27 (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) সংশ্লিষ্ট কার্যক্রম ও চুক্তি সম্পন্নের সিদ্ধান্ত।

অন্যদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান, তফসিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}